[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

আজ আনুষ্ঠানিক উদ্বোধন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১১:০৭ এএম

দেশব্যাপী তরুণ প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের তারকা খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রতিভা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসসহ বেশ কয়েকটি ইভেন্ট রাখা হয়েছে।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে মোট ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো—মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার (২০ জুলাই) ক্রিকেট ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয়েছে মাঠের প্রতিযোগিতা। মিরপুরে ছেলেদের বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর ও ঢাকা অঞ্চল।

বৃষ্টির কারণে কয়েকটি ম্যাচ মাঠে গড়াতে না পারায় টসের মাধ্যমে নির্ধারণ করা হয় ফলাফল। ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রংপুর। দিনের অন্য ম্যাচে খুলনা অঞ্চলকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ঢাকা।

বালিকাদের বিভাগেও বৃষ্টির কারণে টসের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারণ করা হয়। সেখানে রংপুর অঞ্চলকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় চট্টগ্রাম। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ হবে সিলেট অঞ্চল।

তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তাই দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর