[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন কুঁড়ির ডাকে জাগে আগামীর স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা তুলে আনতে সরকার শুরু করছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের সব জেলা ও উপজেলায় শুরু হবে প্রতিভা অন্বেষণ কার্যক্রম।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই জাতীয় কর্মসূচিতে অংশ নেবে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেট জেলায়, যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫ হাজার ৩২৪। প্রাথমিকভাবে ১৫ কোটি টাকা বাজেটের এই প্রকল্পে আটটি ডিসিপ্লিন রাখা হয়েছে- ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কাবাডি ও দাবা। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। সরকার আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে।

আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক জানান, ‘নির্বাচিত সেরা প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি, আবাসিক প্রশিক্ষণ, ক্রীড়া বৃত্তি ও উন্নত কোচিংয়ের আওতায় আনা হবে। পাশাপাশি আঞ্চলিক বিকেএসপিগুলোর সুযোগ-সুবিধাও বাড়ানো হচ্ছে, যাতে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদ নিজ নিজ এলাকায় মানসম্মত প্রশিক্ষণ পায়।’

তিনি আরও বলেন, ‘প্রতিভা বাছাইয়ে স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না এবং পুরো কার্যক্রম একজন সাবেক ক্রীড়াবিদ হিসেবে তিনি নিজেই নিবিড়ভাবে তদারকি করবেন। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে মেডিক্যাল টিমও থাকবে।’
সরকারের বৃহত্তর ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি ভিত্তি গড়ার প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রাম থেকে জেলা, জেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে এনে বাংলাদেশের ক্রীড়াকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। নতুন মুখ, নতুন স্বপ্ন ও নতুন তারকা তৈরির এই মহাযাত্রা দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর