জাতীয় যুব হ্যান্ডবল শুরু আগামীকাল
জুনে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) দুটি আন্তর্জাতিক আসর বসতে যাচ্ছে ঢাকায়। দুটিই বয়সভিত্তিক- অনূর্ধ্ব-১৮ ও ২০। ঘরের মাঠে ছেলেদের ওই দুই আসরের শিরোপা জিততে বদ্ধ পরিকর বাংলাদেশ। তাই জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করে বাছাইকৃতদের নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলনে যেতে চায় হ্যান্ডবল ফেডারেশণ।
যার প্রেক্ষিতে ১০টি জেলা দল নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে টিসিএল জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা। শনিবার হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আঙিনায় আইএইচএফের দুটি টুর্নামেন্ট। শিরোপা জেতাই আমাদের লক্ষ্য। তাই আগেভাগে টুর্নামেন্ট করে খেলোয়াড় বাছাই করতে চাই। যাতে দীর্ঘমেয়াদী অনুশীলনের মাধ্যমে লক্ষ্য পূরন করা যায়।’ এ সময় পৃষ্ঠপোষক টিসিএলের জেনারেল ম্যানেজার কর্ণেল (অব.) এসএম মোরশেদ সারোয়ারসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই গ্রুপে পাঁচটি করে দল টুর্নামেন্টে অংশ নেবে। কোন সার্ভিসেস বা সংস্থার দল পাচ্ছে না বয়সভিত্তিক টুর্নামেন্টের কারণে। কারন যাদের জন্ম ২০০৬ ও ২০০৮ সালে কেবল তারাই এই যুব টুর্নামেন্টে অংশ নিতে পারছেন। মাত্র দশটি জেলার অংশগ্রহন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আসলে বিভিন্ন জেলার প্রশাসকগণ হ্যান্ডবলে তেমন আগ্রহী নন, তাই আমাদের চেষ্টা থাকলেও দলসংখ্যা বাড়ানো সম্ভব হয়নি।’
তবে ভবিষ্যতে হ্যান্ডবলের এলিট লিগের কথাও জানালেন সালাউদ্দিন, ‘জাতীয় নির্বাচনের পর আমরা সার্ভিসেস কিছু দল নিয়ে নয়মাসের সময় নিয়ে এলিট লিগের আয়োজন করব। যেখানে প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে পাঁচবার করে মুখোমুখি হবে। এতে তাদের খেলার সক্ষমতা বাড়বে, ভবিষ্যতের জন্য তৈরীও হতে পারবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: