[email protected] শুক্রবার, ১২ই জুন ২০২৬
২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-২০ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

স্টেডিয়ামে তখন উচুঁ ভলিউমে মিউজিক বাজছে। ম্যাচ জেতার আনন্দে সতীর্থরা এক পর্যায়ে সুমল তঞ্চঙ্গ্যাকে কাঁধের ওপর তুলে নাচতে লাগলেন।

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে মালদ্বীপকে হারাতে বড় ভূমিকা রাখেন ‍সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন সোহাগ আলী ও সুমল।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ ৩৯-১৭ গোলে হারিয়েছে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দলকে। টানা দুই জয়ে বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

আগামীকাল ১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ এ রানার্স আপ ইয়েমেনের সঙ্গে। অন্য সেমিফাইনালে গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ বি রানার্স আপ মালদ্বীপ।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত সুমল তঞ্চঙ্গ্যা বলেন,“ সত্যি বলতে হ্যান্ডবল টিম গেম। আজ সবাই এক সঙ্গে ভালো খেলেছি বলে জিতেছি। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে পুরস্কার জিতে খুব ভালো লাগছে। আসলে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করব। পারফরম্যান্স দিয়ে নিজেকে ফুটিয়ে তুলব। সেটাই হয়েছে এই ম্যাচে।”

কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র সুমল তঞ্চঙ্গ্যার এখন একটাই লক্ষ্য বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা, “আমরা সব সময় মানসিকভাবে উজ্জীবিত থাকি। যে কারণে ভালো খেলতে পারি। তাছাড়া কোনও দলকে আমি ছোট করছি না। এখানে যারা খেলছে প্রতিটি দলই শক্তিশালী। তবে আমাদের লক্ষ্য একটাই সেমিফাইনালে ভালো করা। আমরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চাই।’

এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর