[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

`আমি আগের আমিনুলই আছি, থাকব’- আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

মিরপুর পল্লবীর ব্যস্ত সড়ক পেরিয়ে আমিনুল হকের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে ঢুকতেই যেন উৎসবের আবহ। নিচতলা থেকে সিঁড়ি, বারান্দা থেকে কক্ষ—সবখানেই মানুষের ভিড়। কেউ ফুল হাতে, কেউ শুভেচ্ছা জানাতে, কেউ আবার শুধু এক ঝলক দেখতে। সবাই অপেক্ষায়—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার এলাকায় ফিরছেন তিনি।

সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর গাড়ি এসে থামতেই ভিড়ের ভেতর সাড়া পড়ে যায়। হাসিমুখে ভেতরে ঢুকেই পরিচিত সাংবাদিকদের সঙ্গে করমর্দন, কুশল বিনিময়। আনুষ্ঠানিকতার চেয়ে আন্তরিকতাই যেন বেশি স্পষ্ট। হালকা হাসিতে বললেন,
“আমি আগের আমিনুলই আছি ও থাকব।”

সংবাদ সম্মেলনের কক্ষে ততক্ষণে আসন পূর্ণ। সামনে-পেছনে সারি সারি সাংবাদিক। ভিড়ের মাঝখানে খানিকটা পেছনে বসে থাকা এক সিনিয়র ক্রীড়া সাংবাদিককে চোখে পড়তেই নিজেই ডেকে সামনে বসার অনুরোধ করেন তিনি। মুহূর্তেই বোঝা যায়—ক্ষমতার নতুন পরিচয় পেলেও মানুষটি বদলাননি।

প্রথমে প্রায় দশ মিনিট ধরে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ, গ্রাসরুট পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়া—সবকিছু নিয়েই তার ভাবনা। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। একের পর এক প্রশ্ন, আর সমান স্বতঃস্ফূর্ত উত্তর। সময় পেরোয়, কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। যেন নিজের প্রিয় মাঠেই খেলছেন—এইবার শুধু বলের জায়গায় প্রশ্ন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হলেও ভিড় ছুটে যায় না। বরং সাংবাদিকদের ছোট ছোট জটলা ঘিরে ধরেন নতুন প্রতিমন্ত্রীকে। কেউ অভিনন্দন জানান, কেউ বাড়তি প্রশ্ন করেন। সবার মাঝেই তিনি একই সুরে বলেন,
“আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি—আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব। সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।”

এদিকে কার্যালয়ের বাইরে তখন জনসমুদ্র। মিরপুর-পল্লবীর বাসিন্দা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমর্থক—সবাই শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন। দ্বিতীয় তলার বারান্দা থেকে মাইকে সবার উদ্দেশে তিনি বলেন,
“আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, দোয়া করেছেন। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন—আমি তা যথাযথ পালন করব। আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।”

নতুন দায়িত্ব, নতুন পথচলা—কিন্তু পরিচয়ের জায়গায় অটল এক প্রতিশ্রুতি। ক্ষমতার কেন্দ্র থেকে ফিরে নিজের এলাকায় দাঁড়িয়ে আমিনুল হকের বার্তা একটাই—তিনি বদলাননি, বদলাবেনও না। মাঠের সেই পরিচিত গোলরক্ষকের মতোই এখন দায়িত্বের পোস্টে দাঁড়িয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর