কড়াকড়ি শর্তে কলির নিষেধাজ্ঞা প্রত্যাহার!
প্রায় চার মাস পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আবারও শুটিং রেঞ্জে ফিরছেন নারী শুটার কামরুন নাহার কলি। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন তার ওপর আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানুয়ারির শুরুতে আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে ১০ মিটার এয়ার রাইফেলের এই বিশেষজ্ঞ শুটার দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে ছিলেন। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতেও প্রভাব পড়ে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন তিনি আবারও অলিম্পিক বাছাইপর্ব এবং এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আসরে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে কলির এই প্রত্যাবর্তন নানা শর্তে ভরপুর।
ফেডারেশন তার ওপর বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন শর্ত অনুযায়ী, তাকে একটি লিখিত অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে তিনি কঠোর আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেবেন। পাশাপাশি তাকে তিন মাসের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে তার আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ফেডারেশন। কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ, যত ছোটই হোক, ঘটলে বিনা নোটিশেই তার বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানানো হয়েছে। সবচেয়ে কড়াকড়ি শর্তগুলোর একটি হলো গণমাধ্যমে কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ।
ফেডারেশনের অনুমতি ছাড়া কলি কোনো ধরনের মন্তব্য, পোস্ট বা বিবৃতি দিতে পারবেন না, বিশেষ করে ফেডারেশন, কোচ বা সতীর্থদের বিষয়ে। ফলে এখন মাঠে ফেরার পাশাপাশি নিজের আচরণ নিয়েও কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন দেশের এই রেকর্ডধারী শুটার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: