জাতীয় সাঁতারে ২০ রেকর্ড, নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব
জাতীয় সাঁতারে শেষ দিনে আরও নতুন পাঁচটি জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে চার দিনে ২০টি নতুন রেকর্ড হল।
বৃহস্পতিবার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শেষ দিনে নয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে পাঁচটিতেই ছিল রেকর্ড। গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রেকর্ডের পর রেকর্ড গড়লেও শেষ দিনের আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০২২ সালে জুয়েল আহমেদের করা ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ডের রেকর্ডটি ভেঙ্গে দেন। ৪০০ মিটার ফ্রি স্টাইলে কাজল গত বছর নিজের করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে সামিউল ইসলাম তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
মেয়েদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে। রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম ৬টি রেকর্ড গড়ে স্বর্ণ ও ১টি রুপা পদক জিতে সেরা সাঁতারু হন। মেয়েদের বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রুপা জিতে সেরা হন। ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।
চার দিন ব্যাপী এই আসরে ৩৫টি স্বর্ণ, ২৩টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন এবং ১০টি স্বর্ণ, ২১টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, 'সাঁতার ফেডারেশনের প্রচেষ্টার ফলে আমাদের সাঁতারুরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছে। আশা করছি সামনে আমরা আরো ভালো ফলাফল করতে পারবো। এসএ গেমসে ভালো করতে আমাদের প্রশিক্ষণ চলছে। উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সাঁতারুরা আরও ভালো করবে। এবার ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে, যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ম্যাক্স গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানও আমাদের পাশে থাকবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এসময় সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: