[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। এই জয়ে দলটি আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনুর্ধ্ব-১৯ বালকরা স্বর্ণপদক জিতেছিল। তখন স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। তাছাড়া ২০২৩ সালে ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জিতেছিল। গতবছর নেপালের কাঠমান্ডুতেও ব্রোঞ্চ পদক পেয়েছিল বাংলাদেশ।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক নিশ্চিত করে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিনটি দল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই অর্জনের কৃতিত্ব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর