[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টেবিল টেনিসে জাপানি কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেবিল টেনিস দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই খেলাকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিল ফেডারেশনের অ্যাডহক কমিটি। থাই কোচের পর এবার আনা হয়েছে জাপানি কোচ। মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছেন জাপানি কোচ ইউতাকা নাকানো।

দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। চলতি বছরে টেবিল টেনিসে অনেক ব্যস্ত সূচি। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে ফেডারেশন।

শনিবার থেকে জাতীয় র‌্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন পুরুষ ও ১৬ জন মহিলা খেলোয়াড়কে এশিয়ান গেমসের সিলেকশন ক্যাম্পে ডাকা হয়েছে। ইউতাকা নাকানো একজন সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড়। যিনি পরবর্তীতে কোচিং পেশায় যুক্ত হন। আন্তর্জাতিক পর্যায়ে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। কোচ হিসেবে এটি তার দ্বিতীয়বার বাংলাদেশে আগমন।

এর আগে ২০২২ সালে তিনি ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পালন করেন। ল্যাব এইডের পরিচালক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এখন সহ-সভাপতি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর