ফের ‘র্যাংকিং’ ‘সিলেকশন’র গ্যারাকলে দেশের টিটি
এক বছর আগে সিলেকশন ও র্যাংকিংয়ের দ্বন্দ্বে টেবিল ত্যাগ করেছিলেন জাতীয় টেবিল টেনিস দলের সিনিয়র খেলোয়াড়রা। ফের র্যাংকিং এবং সিলেকশন নিয়ে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে তারা। কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ নিয়ে এই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সূত্রে জানা গেছে, এশিয়ান গেমসে সিলেকশনের মাধ্যমে খেলতে চাইলেও কমনওয়েলথ টিটিতে র্যাংকিং অনুযায়ী খেলতে চাইছেন সিনিয়র খেলোয়াড়রা। এ নিয়ে ফেডারেশনের আবেদনও করেছেন তিনজন খেলোয়াড়
ভারতের দিল্লিতে আগামী ২৭ জুলাই থেকে ২ আগষ্ট অনুষ্ঠিত হবে কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ। তারপর সেপ্টেম্বরে জাপানের আইচি ও নাগোয়াতে রয়েছে এশিয়ান গেমস। দুটি আসরকে সামনে রেখে জাপানি কোচ ইউতাকা নাকানোর তত্বাবধানে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে অনুশীলন ক্যাম্প। তবে এশিয়ান গেমসের জন্য সিলেকশন খেলতে চাইলেও কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের জন্য র্যাংকিং অনুযায়ী খেলতে চাইছেন সিনিয়র খেলোয়াড়রা। সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টের জন্য পাঁচজন করে ছেলে ও মেয়েদের নাম ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। আর এতেই সমস্যা তৈরী হয়েছে।
কারণ ওই তালিকার মধ্যে থাকা খই খই মারমা, রেশমি তঞ্চঙ্গা, ঐশি, নাফিস ইকবাল ও হাসিব এইচএসসি পরীক্ষার্থী। টুর্নামেন্টের সময় তাদের পরীক্ষা থাকবে। ফলে যেতে পারবেন না দিল্লিতে। জাতীয় দলের অন্যতম খেলোয়াড় সোনম সুলতানা অভিযোগ করে বলেন, ‘বছরে তিনটি টুর্নামেন্ট খেলার পর আমাদের র্যাংকিং হয়। প্রত্যেকটি গেমসের আগে সিলেকশন খেলতে হচ্ছে। আবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের আগেও খেলতে হবে সিলেকশন। তাই আমাদের অভিমত, গেমসের আগে সিলেকশন খেলতে আমরা রাজি, কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য র্যাংকিংকেই ধরতে হবে, সিলেকশন খেলা নয়।’ তিনি যোগ করেন, ‘একটি সিলেকশন হয়েছে দিল্লির জন্য। সেখান থেকে যাদের নাম পাঠানো হয়েছে তাদের অনেকেই পরীক্ষার্থী। এখন যদি তারা খেলতে না পারে, তাহলে কি হবে? আমরা বলেছিলাম ঈদের পর এক মাসের একটি ক্যাম্প ডেকে তারপর সিলেকশন করতে। এ নিয়ে আবেদনও করেছিলাম। কিন্তু তাতে কোন সাড়া দেননি ফেডারেশনের কর্তারা।’
এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ বলেন, ‘কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিলেকশন খেলায় সাতজন ছেলে ও ১১ জন মেয়ে অংশ নিয়েছিল। এই ১৯ জনের মধ্যে যদি পাঁচজনের পরীক্ষা থাকে, তাতে কোন সমস্যা নেই। আমরা পাঁচজন করে পাঠাচ্ছি দিল্লিতে। পরীক্ষার্থীদের ছাড়া বাকিদের মধ্য থেকে ফের সিলেকশন খেলা দিয়েই পাঠাবো। তাছাড়া কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপের নাম পাঠানোর সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা অবশ্যই সিলেকশনের উপরেই জোর দিবো। কারণ এর মাধ্যমেই আমরা আন্তর্জাতিক অঙ্গণে সফলতা পেয়েছি।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: