সেমিফাইনাল না খেলেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কোবোলি
ফ্রেঞ্চ ওপেনে দেখা গেল বিরল এক ঘটনা। গ্র্যান্ড স্লামের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই ইতালিয়ান টেনিস খেলোয়াড়ের।
তবে ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করেন মাতেও আরনালদি। ফলে কোর্টে না নেমেই ফাইনালে উঠে গেছেন তার প্রতিপক্ষ ফ্লাভিও কোবোলি। রোববারের ফাইনালে কোবোলির প্রতিপক্ষ জার্মান তারকা আলেকসান্দার জভেরভ। প্রতিবেদন আল-জাজিরার।
ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন আরনালদি। ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পরপরই তিনি ও কোবোলি একসঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা সাক্ষাৎকার টেবিলের দুই প্রান্তে বসেন।
আরনালদি জানান, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত প্রায় একটার দিকে তীব্র পেটব্যথায় ঘুম ভেঙে যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন।
২৫ বছর বয়সী এই ইতালিয়ান বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম কোর্টে নামতে পারি কি না, কিন্তু যতবার উঠে দাঁড়াচ্ছি, ততবারই মাথা ঘুরছে। তাই এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে থাকা আরনালদি এর আগে কখনও কোনো গ্র্যান্ড স্লামে চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি। এবারই প্রথম তিনি সেমিফাইনালে জায়গা করে নিয়ে আলোচনায় আসেন। তবে অসুস্থতা তার স্বপ্নের যাত্রায় বাধা হয়ে দাঁড়াল।
অন্যদিকে ম্যাচ না খেলেই ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছে গেলেন কোবোলি। এখন ফাইনালে জভেরভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছেন ইতালির এই টেনিস তারকা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: