আবার আরচারিতে সাফল্য, উচ্ছ্বসিত আরচাররা
ফুটবলে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। পরদিনই ফুটবলের প্রতিশোধ এবার আরচারিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। আজ এশিয়া কাপ আরচারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ।
মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে। আজ ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে জেতে শিরোপা।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এদিন শুরুর দুই সেটে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভিয়েতনাম। কিন্তু উজ্জীবিত বাংলাদেশকে আটকাতে পারেনি। বাংলাদেশ দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।
কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
বাংলাদেশের আরচারিতে বড় সাফল্যগুলোর অধিকাংশ ছিল রিকার্ভ বিভাগে। এখন কম্পাউন্ড বিভাগেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে। এর ফলস্বরূপ কম্পাউন্ডেও এবার স্বর্ণ এসেছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পৃথকভাবে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: