এশিয়া কাপে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে উষ্ণ সংবর্ধনা
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে উষ্ণ সংবর্ধনা পেলেন স্বর্ণজয়ী আরচাররা। রোববার ভিআইপি লাউঞ্জে তিন আরচার হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য্য রহমানকে ফুলের শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ওয়ার্ল্ড র্যাংকিং এশিয়া কাপ আরচরি স্টেজ-১ এ পুরুষ দলগত কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জেতেন এই তিন আরচার।
যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আরচারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’
এতদিন আচারির আন্তর্জাতিক অঙ্গণে রিকার্ভ ইভেন্ট থেকেই স্বর্ণ জিতে আনতেন আরচাররা। এই প্রথমবার কম্পাউন্ডে সেই দক্ষতা দেখালেন লাল সবুজের তীরন্দাজরা। তাই এবার সামনে তাকানোর পালা। সম্প্রতি অলিম্পিক গেমসে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টও যুক্ত হয়েছে। অলিম্পিকে চোখ রেখে এবার এশিয়ান গেমসে নিজেদের প্রমাণের পালা হিমু, রাকিব ও ঐশ্বর্য্যদের। তার আগে সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানে রয়েছে এশিয়ান গেমস। ওই গেমসেও পদক জেতার প্রত্যয় কোচ মার্টিন ফ্রেডরিখের কণ্ঠে, ‘এশিয়ান গেমসেও আশাকরি ছেলেরা পদক জিতে আনবে।’ ঢাকায় ফিরে নেওয়াজ আহমেদ রাকিব বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতে যেন আমরা এভাবেই সাফল্য কুড়িয়ে আনতে পারি সেই দোয়া করবেন সবাই। কোচেরা আমাদের পেছনে অনেক অবদান রেখেছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ।’
এশিয়া কাপ স্টেজ-১ এ আগেও খেলার অভিজ্ঞতা থাকলেও স্বর্ণপদক জয় এবারই প্রথম রাকিবের ক্যারিয়ারে। পদকজয়ের আরেক সারথী ঐশ্বর্য্য রহমানের কথা, ‘একটি লক্ষ্য পূরন হয়েছে। এবার সামনে তাকানোর পালা। এশিয়ান গেমসেও আমরা পদক জিততে চাই।’ স্বর্ণজয়ী দলের আরেক তীরন্দাজ হিমু বাছাড় বলেন, ‘প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতি অসাধরন। এখন এশিয়ান গেমসে আমাদের প্রমাণের পালা। সেখানে পদক জিততে পারলে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাব আমরা।’ বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেও এবার সোনাজয়ীদের হাতে অর্থপুরস্কার তুলে দেওয়ার পালা আরচারি ফেডারেশনের।
এ
দিকে আজ ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদের হাতে মাসিক ভাতা ও ক্রীড়াকার্ড তুলে দেবন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ভাতা ও ক্রীড়াকার্ড দেওয়া হবে। এরমধ্যে আরচারিও রয়েছে। গত বছর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে হিমু বাছাড় ও বন্যা আক্তার রুপা এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছিলেন কুলসুম আক্তার। সেই সাফল্যের স্বীকৃতি স্বরুপ তারা আজ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: