আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানলেন পাকিস্তানের আসিফ আলী
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট একটা তা-ব চালিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন আসিফ আলী। পাকিস্তানের হয়ে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৭ বলে উপহার দেন ২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস! সেই ব্যাটার ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন।
মিডল অর্ডারের ফিনিশার ভূমিকায় খেলা আসিফ অবসরের আগে দলের হয়ে খেলেছেন ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, আর দেশের হয়ে মাঠে ক্রিকেট খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের অধ্যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আসিফ নিশ্চিত করেছেন, ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।
আসিফ ২০১৮ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক করেন। তার আগে সেই বছর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে অবদান রাখেন তিনি। ফাইনালে রান তাড়া করার সময় টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। টি-টোয়েন্টি অভিষেকের দুই মাস পর তার ওয়ানডেতে অভিষেকও হয়।
নিজের সেরা সময়ে আসিফকে পাকিস্তান ক্রিকেটের জন্য ভিন্ন চরিত্রের ব্যাটার হিসেবেই দেখা হতো। যখন দলে প্রকৃত পাওয়ার হিটারদের ঘাটতি ছিল, তখনই তাকে দ্রুত সাদা বলের দুই ফরম্যাটে জায়গা দেওয়া হয়। তবে প্রায়ই তার খেলার ধরনকে পাকিস্তানের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সঠিকভাবে বুঝতে পারেনি। মূলত ফিনিশার হলেও তাকে প্রায়ই ওয়ানডে ক্রিকেটে ছয়ে নামানো হতো, যা তার খেলার জন্য উপযুক্ত স্থান ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৫৮ ম্যাচের ক্যারিয়ারে গড়ে প্রতি ইনিংসে তিনি মাত্র সাত বল খেলেছেন এবং এক-চতুর্থাংশের বেশি ইনিংস অপরাজিত থেকেছেন- যা ইঙ্গিত দেয়, তাকে প্রায়ই অনেক দেরিতে পাঠানো হয়েছে কিংবা যথাযথভাবে ব্যবহার করা হয়নি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: