ফের আইসিসির দ্বারস্থ পাকিস্তান
ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচটি ঠিকমতো ধরেছেন কি না তা নিয়ে মাঠে থাকা আম্পায়ার গাজী সোহেল নিশ্চিত হতে পারেননি। তিনি সিদ্ধান্ত নেয়ার জন্য তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কাছে সাহায্য চান।
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার অভাব থাকলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। করমর্দন বিতর্কের রেশ না কাটতেই এবার সুপার ফোরে ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের গণমাধ্যম ‘দুনিয়া নিউজ’ জানিয়েছে, পিসিবি এই ঘটনার জন্য আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছে।
দুবাইয়ে গত রোববার (২১ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ওপেনার ফখর জামান উইকেটের পেছনে ক্যাচ দেন। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচটি ঠিকমতো ধরেছেন কি না তা নিয়ে মাঠে থাকা আম্পায়ার গাজী সোহেল নিশ্চিত হতে পারেননি। তিনি সিদ্ধান্ত নেয়ার জন্য তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কাছে সাহায্য চান।
টিভি রিপ্লে দেখে শ্রীলঙ্কার এই আম্পায়ার ফখরকে আউট ঘোষণা করেন। তবে রিপ্লেতে দেখা যায়, বল সঞ্জুর গ্লাভসে যাওয়ার আগে মাটিতে স্পর্শ করেছে, যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। সাধারণত, এমন ক্ষেত্রে ব্যাটসম্যানকে ‘বেনিফিট অব ডাউট’ দেয়া হয়। কিন্তু রুচিরা এর উল্টো সিদ্ধান্ত দেন।
আম্পায়ারের এই সিদ্ধান্তে ফখর জামান অত্যন্ত ক্ষুব্ধ হন। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও এই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন। জানা গেছে, পাকিস্তান দলের টিম ম্যানেজার নাভিদ চিমা প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে দেখা করেন। কিন্তু পাইক্রফট জানান, এই বিষয়টি তার এখতিয়ারের বাইরে। এরপর চিমা সরাসরি আইসিসির কাছে ই-মেইলে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: