[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাপ ২০২৫

ফাইনালের আগে ফের বিতর্ক পাকিস্তান-ভারত লড়াই নিয়ে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

বিতর্ক দিয়ে যার শুরু শেষবেলায় এসেও বিতর্কই সঙ্গী। টুর্নামেন্টের রীতি ভেঙে ফাইনালিস্ট দু’দলের আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই মাঠে গড়াবে এশিয়া কাপ ফাইনাল

ম্যাচের আগে দু’দেশের সাবেকদের আগ্রহের কেন্দ্রে টিম ইন্ডিয়া ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টজুড়ে দল ভালো না করলেও ফাইনালে অলৌকিক কিছুর আশায় ওয়াসিম আকরাম।

হ্যান্ডশেক বিতর্ক দিয়ে শুরু, ফটোসেশন বর্জন দিয়ে শেষ। বৈরিতার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের আগে দেখা মেলেনি চিরায়ত ফাইনালিস্ট ফটোশুট। অপ্রতিরোধ্য ভারত। একমাত্র অপরাজিত দল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। বিপরীত চিত্র পাকিস্তানের। গ্রুপপর্বের পর সুপার ফোরেও গড়পরতা পারফরম্যান্স।

সাবেকদের কাঠগড়ায় পাকিস্তানের ব্যাটিং। ৬ ম্যাচের চারটিতেই শূন্যরানে আউট হয়ে রেকর্ড গড়া সাইম আইয়ুবকে ফাইনাল ম্যাচে অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস।

সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস বলেন, দ্বিতীয় শূন্য রানের পরই আমি বলেছিলাম, সাইমকে বেঞ্চে রাখা উচিৎ। তার সামর্থ্য নিয়ে আমার কোনও সন্দেহ নেই। সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।

পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং তান্ডবে প্রতিপক্ষের ঘুম হারাম করেছেন অভিষেক শর্মা। ২০০’র বেশি অতিমানবীয় স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকে ঘিরে আলাদা পরিকল্পনা পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের। তবে সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাষ্কারের বিশ্বাস, ফাইনালে তিন অংকের ঘর স্পর্শ করবেন টিম ইন্ডিয়া ওপেনার।

বিশ্বকাপজয়ী সুনীল গাভাষ্কার বলেন, অভিষেক শর্মা সুযোগ হাতছাড়া করবে না। তিন হাফসেঞ্চুরির পর রানআউটে সে একটা সেঞ্চুরি মিস করেছে। ফাইনালে সে হয়ত একটা শতকের দেখা পাবে।

ফাইনালে ভারতকে ফেভারিট মানছেন ওয়াসিম আকরাম। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশা তার।

সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, দেখুন, ভারত-পাকিস্তান ম্যাচে এখন নিশ্চিতভাবে ভারত এগিয়ে। তবে ফাইনাল ম্যাচ, একটা ভালো ইনিংস, একটা ভালো স্পেল খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার বিশ্বাস, ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

টুর্নামেন্টের ১৮তম আসরে প্রথমবারের মত ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর