[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার এশিয়া কাপ ট্রফি নিয়ে হবে নাটক!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ এএম

জানা গেছে, ভারত ট্রফি না নেওয়ায় তা এসিসির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে মঙ্গলবার এসিসির সভায় ধুন্ধুমার তর্ক হবে বলেও মনে করছেন কর্মকর্তারা।

 

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও দলটি ট্রফি নেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী নকভীর হাত থেকে। তাই ট্রফি ছাড়াই চ্যাম্পিয়নশিপ উদযাপন করেন সূর্যকুমার যাদব ও তার দল। যা নিয়ে তৈরি হয় বিতর্কও। তাই অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। জানা গেছে, ভারত ট্রফি না নেওয়ায় তা এসিসির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে মঙ্গলবার এসিসির সভায় ধুন্ধুমার তর্ক হবে বলেও মনে করছেন কর্মকর্তারা।


রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। একপর্যায়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। একই সময় ট্রফিও নিয়ে যান। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নাকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপালি মোড়কে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা।

সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া দাবি করেছিলেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে। যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরের কাছেই।

ভারতীয় দলকে এসিসি ট্রফিটি আদৌ হস্তান্তর করবে কি না, বিষয়টি এখনও স্পষ্ট নয়। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা এ প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে থেকে নেবেন?’

মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় এই বৈঠক হওয়ার কখা। সূত্র মারফত জানা গিয়েছে, বিসিসিআই সরকারি ভাবে ট্রফি চেয়ে আবেদন করবে। তাতে নকভি যদি রাজি হন তো ভাল, না হলে বোর্ড পরবর্তী পদক্ষেপের কথাও ভেবে রেখেছে। মনে করা হচ্ছে, সেখানেই বোর্ডের প্রতিনিধি বলবেন, ট্রফি নকভির কাছেই রয়েছে, যা বেআইনি ভাবে তিনি নিজের কাছে রেখেছেন। মঙ্গলবারের বৈঠকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ্য সাবেক কোষাধ্যক্ষ আশিস সেলারের বোর্ডের প্রতিনিধিত্ব করার কথা। দুজনেই এসিসির বোর্ডে আছেন।

এখানেই থামছে না বোর্ড। নভেম্বরে আইসিসির বৈঠকেও বিষয়টি তুলবে বিসিসিআই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর