পাকিস্তান দলে নতুন তিন মুখ, আছেন নতুন আফ্রিদি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে নতুন মুখ তিন জন- স্পিন বোলিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি, বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল আকরাম ও উইকেটরক্ষক-ব্যাটার রোহাইল নজির।
লাহোরে আগামী ১২ অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের পরের ম্যাচ হবে ২০ তারিখ থেকে, রাওয়ালপিন্ডিতে। প্রাথমিকভাবে ১৮ জনের দল দিলেও, সিরিজ শুরুর আগে দিয়ে খেলোয়াড় কমিয়ে নেবে পাকিস্তান।
শান মাসুদের নেতৃত্বাধীন দলটি মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়বে। তবে এশিয়া কাপ খেলতে যাওয়া হাসান আলি, আবরার আহমেদ, সালমান আলি আগা ও শাহিন শাহ আফ্রিদি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ৪ অক্টোবর।
টেস্ট দলে বড় চমকই বলা যায়, ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদির ডাক পাওয়া। ২০০৯ সালে শুরু করা প্রথম শ্রেণির ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২৫.৪৯ গড়ে ১৯৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ১ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৬৩০ রান।
আসিফ আফ্রিদির ঠিক উল্টো অবস্থায় ২০ বছর বয়সী ফয়সাল আকরাম। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত এই ফরম্যাটে ৯ ম্যাচ খেলে ৪৪ উইকেট নিয়েছেন তিনি।
টেস্ট সিরিজের পর আবার ওয়ানডে ও টি-টোয়েন্টির লড়াইয়েও মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম উল হক, কামরান গোলাম, খুররাম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইন নজির, সাজ্জাদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: