এশিয়া কাপ ট্রফির নিষ্পত্তি বিসিবিসহ ৫ বোর্ডের ওপর
সভার সিদ্ধান্ত, ট্রফি বিতর্কের চূড়ান্ত সমাধান নেওয়ার দায়িত্ব এসিসির পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ-ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। এশিয়ার এই পাঁচদেশের বোর্ড শিগগিরই আলোচনার টেবিলে বসবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন।
এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ও ভারতকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। প্রতিবেশি দুই দেশের অধিনায়কের হাত না মেলানো, অদ্ভুত অঙ্গভঙ্গি এবং কথার যুদ্ধ ছিল সর্বত্র। সবচেয়ে বড় নাটক মঞ্চস্থ হয় ফাইনালে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অপরাগতা জানায় সূর্যকুমার যাদবরা।
ভারতের খেলোয়াড়দের অনুপস্থিতিতে ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর নাকভিসহ অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। পরে ট্রফিটি ভেতরে নেওয়া হয়। এরপর বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে।
ভারতের অভিযোগের প্রেক্ষিতে নাকভি শর্ত জুড়ে দেন। পিসিবি প্রেসিডেন্টের শর্ত ছিল, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন। যদিও সেখান থেকে সরে এসেছে তিনি।
সবশেষ তথ্যমতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা মঙ্গলবার বিকেলে দুবাইয়ে বৈঠক করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন নাকভি। ভার্চুয়ালি অংশ নেন ভারতের প্রতিনিধি রাজীব শুক্লা ও আভীশ শেলার।
সভার সিদ্ধান্ত, ট্রফি বিতর্কের চূড়ান্ত সমাধান নেওয়ার দায়িত্ব এসিসির পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ-ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। এশিয়ার এই পাঁচদেশের বোর্ড শিগগিরই আলোচনার টেবিলে বসবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন।
সভার এজেন্ডায় আরও দুইটি বিষয় ছিল, সহ-সভাপতির নির্বাচন এবং এমার্জিং প্লেয়ারস ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করা। তবে সভার সময় এই দুটি বিষয় আলোচনায় আনা হয়নি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: