ক্রিকেটে ইতিহাস, এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক
আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন স্বাগতিক দলের বিপক্ষে হ্যাটট্রিক করেন সার্ভিসেসের বাঁহাতি পেসার মোহিত জাঙরা ও বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা। ক্রিকেট ইতিহাসে এটিই এক ইনিংসে দুই বোলারের পূর্ণ হ্যাটট্রিকের প্রথম ঘটনা।
ক্রিকেট ইতিহাসে বিরল এক অধ্যায়ে জুড়ে গেল রঞ্জি ট্রফির নাম। ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে একই ইনিংসে হ্যাটট্রিক করলেন দুই বোলার। দীর্ঘ ক্রিকেট ইতিহাসে যা এর আগে কখনও দেখা যায়নি।
আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন স্বাগতিক দলের বিপক্ষে হ্যাটট্রিক করেন সার্ভিসেসের বাঁহাতি পেসার মোহিত জাঙরা ও বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা। ক্রিকেট ইতিহাসে এটিই এক ইনিংসে দুই বোলারের পূর্ণ হ্যাটট্রিকের প্রথম ঘটনা।
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এর আগেও এক ইনিংসে দুটি হ্যাটট্রিক দেখা গেছে। তবে দুবারই সেটি করেছিলেন একজন বোলার।
১৯০৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেন মিডলসেক্সের অ্যালবার্ট ট্রট। পরে ১৯৬২ সালের রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের হয়ে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে এক ইনিংসেই দুটি হ্যাটট্রিক করেন জোগিন্দর সিং রাও।
এর বাইরে ১৯৮৫-৮৬ মৌসুমে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লা রুক্সও হ্যাটট্রিকের দেখা পান। তবে রাইসের প্রথম দুটি উইকেট ছিল প্রথম ইনিংসে। তাই একই ইনিংসে ভিন্ন দুই বোলারের হ্যাটট্রিক মূলত মোহিত ও অর্জুনেরই।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে অর্জুনের স্পিন ভেলকির সামনে পড়ে আসাম। ১২তম ওভারে পরপর তিন বলে রিয়ান পরাগ, সুমিত গদিগাওঙ্কার ও শিবশংকর রয়কে আউট করেন বাঁহাতি স্পিনার।
পরে ১৫তম ওভারের শেষ বলে প্রদুন সাইকিয়া এবং ১৭তম ওভারের প্রথম দুই বলে মুখতার হোসেন ও ভর্গব লহকারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মোহিত।
জোড়া হ্যাটট্রিকের তোপে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় আসাম। ৪৬ রানে ৫ উইকেট নেন অর্জুন আর মোহিতের শিকার ৫ রানে ৩ উইকেট।
এরপর সার্ভিসেসও বেশি দূর যেতে পারেনি। রিয়ান পরাগ ৫ ও রাহুল সিং ৪ উইকেট নিলে ১০৮ রানে গুটিয়ে যায় তারা।
আসামও দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক অবস্থায় নেই। মাত্র ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। অর্থাৎ দুই দল মিলিয়ে প্রথম ইনিংসে পড়েছে মোট ২৫ উইকেট।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: