এশিয়া কাপের ট্রফি পেতে ভারতের নয়া হুমকি
গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। শিরোপা জয়ের এক মাস পার হলেও এখনো ট্রফি হাতে পায়নি সূর্যকুমার যাদবের দল। এ নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) অসন্তুষ্টি প্রকাশ করেছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বোর্ড প্রায় ১০ দিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। তবুও এখনো ট্রফি হস্তান্তর করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, এক-দুই দিনের মধ্যেই ট্রফিটি ভারতের মুম্বাই অফিসে পৌঁছাবে।
এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারত মনে করে, গত এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেট দল।
মূলত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পিসিবি ও এসিসির সভাপতি। ভারত মনে করে, গত এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। তাই তার হাত থেকে ট্রফি নিতে নারাজ ভারতীয় দল।
তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি, নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। সর্বশেষ খবর হচ্ছে, এসিসির সদর দপ্তর থেকে এশিয়া কাপের ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির এক অজানা ঠিকানায়, যেটা মহসিন নাকভি ছাড়া আর কেউ জানেন না।
সাইকিয়া বলেন, এসিসি সভাপতি মহসিন নাকভি চান ভারতীয় দল ব্যক্তিগতভাবে এসে ট্রফি নিক এবং একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হোক। তবে বিসিসিআই সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তিনি আরও জানান, যদি শিগগিরই ট্রফি হস্তান্তর না হয়, তবে বিষয়টি আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) আইসিসির ত্রৈমাসিক সভায় তোলা হবে।
সাইকিয়া যোগ করেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যাপারটি সামলাতে আমরা পুরোপুরি প্রস্তুত। ভারতের জনগণকে আমি নিশ্চিত করছি যে ট্রফি ভারতে ফিরবেই—শুধু সময়টা চূড়ান্ত হয়নি। একদিন না একদিন (ট্রফি) ফিরবেই।’
সাইকিয়ার আশা, শেষ পর্যন্ত মহসিন নাকভির শুভবুদ্ধির উদয় হবে, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ট্রফিও জিতেছি। আমরা চ্যাম্পিয়ন। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।’
এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রচুর বিতর্ক হয়েছে। গ্রুপ পর্বে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের জয়ের পর তাদের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গেও হাত মেলাননি। এর প্রতিবাদে পুরস্কার বিতরণী ও সংবাদ সম্মেলন বর্জন করে পাকিস্তান দল। সুপার ফোর ও ফাইনালেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়েরা হাত মেলাননি। এই তিন ম্যাচেই পাকিস্তানকে হারায় ভারত।
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় এই ক্রিকেট সংগঠক এর আগে বিসিসিআইয়ে সচিবের দায়িত্ব পালন করেন এবং এসিসির সাবেক সভাপতি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: