‘সহজ ম্যাচ কঠিন বানিয়ে’ ২ উইকেটে জয় পেল পাকিস্তান
‘সহজ ম্যাচ কঠিন বানিয়ে জেতা’র পুরোনো অভ্যাস আবারও দেখাল পাকিস্তান। দীর্ঘ ১৭ বছর পর ফয়সালাবাদে ফেরা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে পরাজিত করেছে স্বাগতিকেরা।
একটা সময় ২৭ বলে মাত্র ২৩ রান প্রয়োজন থাকলেও, হঠাৎ ব্যাটিং ধসের মুখে পড়ে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ২ উইকেট এবং ২ বল হাতে রেখেই কষ্টার্জিত জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
পাকিস্তানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৯.১ ওভারে ২৬৩ রান সংগ্রহ করে। কুইন্টন ডি কক (৭১ বলে ৬৩ রান) এবং অভিষিক্ত লহুয়ান দ্রে প্রিটোরিয়াস (৬০ বলে ৫৭ রান) মিলে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। ম্যাথু ব্রিটজ ৪২ এবং শেষ দিকে করবিন বশ ৪১ রান করেন। পাকিস্তানের হয়ে স্পিনার সাইম আইয়ুব দুটি উইকেট নেন।
২৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও ভালো শুরু পায়। দুই ওপেনার সাইম আইয়ুব (৩৯) এবং ফখর জামান (৪৫) ৮৭ রানের জুটি গড়েন। বাবর আজম (৭) দ্রুত ফিরলেও মোহাম্মদ রিজওয়ান (৭৪ বলে ৫৫ রান) ও সালমান আলী আগার (৭১ বলে ৬২ রান) ৯১ রানের জুটি দলকে জয়ের পথে এগিয়ে নেন।
একটা সময়ে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ২৪১ রান, হাতে ছিল ২৭ বল। সেখান থেকেই ব্যাটিং ধস নামে, তবে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শাহিন শাহ আফ্রিদির দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: