[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান দলে বিধ্বংসী সামাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার হাসান নওয়াজ। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা আবদুল সামাদ।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তান দলে পরিবর্তন এসেছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার হাসান নওয়াজ। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা আবদুল সামাদ। পরিবর্তনের বিষয়টি প্রধান কোচ মাইক হেসন নিশ্চিত করেছেন।

আগামী পরশু থেকে শুরু হবে পাকিস্তান–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও তাঁর আগে সম্প্রতি টি-টোয়েন্টিতেও ভালো ছন্দে নেই তিনি। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হাসানের প্রতি পাকিস্তানের আস্থাহীনতা নতুন নয়। এশিয়া কাপে কয়েক ম্যাচ ব্যর্থ হওয়ার পর তিনি একাদশ থেকে বাদ পড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেলেও মাত্র ১ রান করে ফেরেন। পরবর্তী দুই ম্যাচেও আর সুযোগ পাননি। সিরিজ শেষে তাঁকে পুরো স্কোয়াড থেকেই সরিয়ে দেওয়া হয়।

হেসনের পরিকল্পনা হাসানকে কায়েদ–ই–আজম ট্রফিতে পাঠানো, যেখানে নিয়মিত খেলার সুযোগ পাবেন। সামাদের বড় সুবিধা—তিনি নিয়মিত মিডল অর্ডারে খেলেন, যেখানে পাকিস্তান সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। সাম্প্রতিক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি।

হংকং সিক্সেসেও ঝড় তুলেছেন সামাদ। আজ ফাইনালেও কুয়েতের বিপক্ষে ১৩ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। পুরো টুর্নামেন্টে ৫ ইনিংসে করেছেন ১৪২ রান। ব্যাটিং গড় ৪৭.৩৩, নজরকাড়া স্ট্রাইকরেট ৩৩০.২৩।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানি ব্যাটাররা মাঝের ওভারে রান তোলায় ভুগেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সামাদের আগ্রাসী ব্যাটিংই হতে পারে হেসনের তিক্ত সমস্যার সমাধান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর