শততম টেস্টে মুশফিকের ফিফটি
নিজের ঐতিহাসিক শততম টেস্টের প্রথম ইনিংসে ঝলক দেখালেন মুশফিকুর রহিম। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমেই প্রথম বলে বাউন্ডারি মেরে ব্যক্তিগত ২৮তম টেস্ট ফিফটি পূর্ণ করলেন মুশফিক। ১০৯ বলে দুটি চারের সাহায্যে তিনি পঞ্চাশের ঘরে পৌঁছান।
মুশফিক যখন ফিফটি পূর্ণ করেন, তখনই অপর প্রান্তে থাকা মুমিনুল হকের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটির সংগ্রহও একশ রান ছাড়িয়ে যায়। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮৮ রান ছিল। চা বিরতির পর মুশফিকের ফিফটি ও জুটির সেঞ্চুরির সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০২ রান। মুমিনুল হক ১২৬ বলে ৬৩ রানে অপরাজিত আছেন।
মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়তে দেননি মুমিনুল ও মুশফিক। দেখেশুনে খেলে তারা দলের ওপর থেকে চাপ সরিয়ে দেন। তবে এই জুটি ভাঙার সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। মুমিনুল হক ব্যক্তিগত ২৩ ও ৪৯ রানে দুবার ক্যাচ দিয়েও আইরিশ ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে যান।
টপ অর্ডারের দ্রুত পতনের পর মুশফিক ও মুমিনুলের এই দৃঢ়তাপূর্ণ ব্যাটিং বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: