[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের দাপুটে দিনে শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

মিরপুর টেস্টে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে এই উইকেটকিপার ব্যাটার। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

মুশফিকের এমন দুর্দান্ত ইনিংসে ভর করে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ১৮৭ বলে ৫ চারে ৯৯ রানে অপরাজিত আছেন। অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৮৬ বলে ২ বাউন্ডারিতে ৪৭ রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত আগের টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের রেকর্ডগড়া জুটি গড়া দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে এবারও দারুণ সূচনা পায় স্বাগতিকরা। কিন্তু থিতু হয়েও উভয়েই ফিরেছেন হাফসেঞ্চুরি হাতছাড়া করে।

দলীয় ৫২ রানের মাথায় ম্যাকব্রাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সাদমান। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। তবে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির রিভিউয়ে ৪৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ রান করে বিদায় নেন তিনি। এরপর ম্যাকব্রাইনের শিকার হন মাহমুদুল জয়ও। মিড-অফে বদলি ফিল্ডার হিসেবে নামা ম্যাককার্থিকে ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন ৮৬ বলে ২ চারে ৩৪ রানে।

চারে নেমে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্তও। টানা ৮৮ বলে কোনো বাউন্ডারি না পাওয়ার চাপ সামলে ম্যাকব্রাইনের বলে লং অন দিয়ে ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টাইগার টেস্ট অধিনায়ক। আইরিশ অফস্পিনারের অফ স্টাম্পের বেশ বাইরের বলটি টার্ন করে তার ব্যাটে এজ হয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৯৫ রানে।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মুমিনুল দলের হাল ধরেন। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০৭ রান। ১২৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। এরপর দিনের বাকিটা সময় লিটন দাসকে সঙ্গে নিয়ে ভালোভাবেই পার করেন মুশফিক। দুজনের সাবলীল ব্যাটিংয়ে আইরিশদের ওপর চাপ বাড়ায় বাংলাদেশ। দুজনেই দিন শেষ করেছেন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থেকে।

মুশফিক সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। আর লিটনের হাফ সেঞ্চুরি করতে প্রয়োজন আর ৩ রান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর