নওয়াজের ঘূর্ণির পর শাহিবজাদা ঝড়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান
মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই আটকে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপর রান তাড়ায় ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শাহিবজাদা ফারহান। এই ডানহাতি ব্যাটারের বিস্ফোরক ইনিংসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের উড়িয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান।
শনিবার (২২ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। লঙ্কানদের দেয়া ১২৯ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে গেছে সালমান আলি আঘার দল।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। পঞ্চম ওভারে সাইম ২০ রান করে ফিরলে ভেঙে যায় ৪৭ রানের জুটি। এরপর বাবর আজমকে নিয়ে শাহিবজাদার জুটিতে জয়ের পথে ছিল পাকিস্তান।
কিন্তু লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে টানা দুই বলে বাবর (১৬) ও সালমান আগা (০) আউট হন। বাবরের সঙ্গে ৬৯ রানের জুটি গড়া শাহিবজাদা ম্যাচ শেষ করে দেন ১৬তম ওভারে। ৪৫ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে ৫ রানে ক্রিজে ছিলেন উসমান খান।
এর আগে, টস হেরে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার পক্ষে জানিথ লিয়ানাগে ছাড়া কেউ ত্রিশের ঘরে রান পাননি। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটার ৩৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন কুশল পেরেরা। এছাড়া ২২ রান আসে ওপেনার কামিল মিশারার ব্যাটে।
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৬ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন নওয়াজ। এ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হারল শ্রীলঙ্কা। আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছেও বড় ব্যবধানে হেরেছিল তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: