নতুন অধিনায়ক করে ভারতের ওয়ানডে দল, বাদ তিন তারকা ক্রিকেটার
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ভারতীয় দল। এরই মাঝে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিসিআই।
ঘাড়ের চোটের কারণে প্রথম টেস্টে মাঠে নামতে না পারা অধিনায়ক শুভমান গিল এই সিরিজ থেকেও ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরের পর আর ওয়ানডে না খেলা ঋষভ পান্ত ফিরেছেন দলে। তার ফেরাটা ভারতের মধ্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে পেস সেনসেশন জসপ্রিত বুমরাহকে। অন্যদিকে ইনজুরি থেকে পুরোপুরি না সেরে ওঠায় শ্রেয়াস আইয়ারকে রাখা হয়নি দলে।
শুভমান গিল না থাকায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ ব্যাটার জসস্বি জয়সাওয়ালকে। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকছেন ঋতুরাজ গায়কওয়াড়, যিনি সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন।
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে রাজকোটে তার তিন ইনিংস ১১৭, ৬৮* এবং ২৫ তার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই বছর পর ওয়ানডে দলে তার ফেরাটা বেশ আলোচনাও তৈরি করেছে।
আগামী ৩০ নভেম্বর রাঁচিতে হবে প্রথম ওয়ানডে। এরপর রায়পুর ও বিশাখাপত্তনমে যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা, জসস্বি জয়সাওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋষভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: