নারী আইপিএলে বাংলাদেশের তিন ক্রিকেটারের কে কোথায়
আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম। যেখানে মোট ৮৩ জন বিদেশি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার—পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে এই তিন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মারুফা আক্তারই বেশি আলোচিত। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তিনি পেস বোলারদের দ্বিতীয় সেটে ৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন। অন্যদিকে, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খানেরও ভিত্তিমূল্য একই—৩০ লাখ রুপি।
নিলামের তালিকায় শেষের দিকে নাম থাকায় প্রথম ধাপে মারুফার নাম ওঠা কিছুটা কঠিন। কারণ, নিলামের শুরুতে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। এরপর শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড। সেই রাউন্ডে ফ্র্যাঞ্চাইজিরা নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বেছে নেবে। মারুফার ভাগ্য নির্ধারিত হবে এই অ্যাক্সিলারেটেড রাউন্ডেই।
স্পিন বোলিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার একেবারে শেষ ক্রিকেটার। তিনি অলরাউন্ডারদের ৬ নম্বর সেটে এবং মোট তালিকায় ৩৪ নম্বর সেটে আছেন। রাবেয়া খান অবশ্য একই সেটে স্বর্ণার একটু আগেই আছেন, যার সিরিয়াল নম্বর ২৩২।
যেহেতু এই দু'জনের নামও তালিকার শেষের দিকে, তাই প্রথম ধাপের নিলামে তাদের নাম ওঠার সম্ভাবনা খুবই কম। তাদেরও মারুফার মতোই অ্যাক্সিলারেটেড রাউন্ডের দিকে তাকিয়ে থাকতে হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: