রাসেলকে নিয়ে আবেগঘন শাহরুখ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়েছেন মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল। দীর্ঘ ১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। তবে খেলোয়াড়ি জীবন থেকে বিদায় নিলেও নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। ‘পাওয়ার কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
কলকাতায় খেলায় ফ্র্যাঞ্চাইজিটির যৌথ মালিক শাহরুখ খানের সঙ্গেও সম্পর্কটা ঘনিষ্ঠ রাসেলের। নতুন জীবনের জন্য এক আবেগঘন বার্তায় রাসেলকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ। কলকাতা ছাড়া রাসেলকে অন্য কোথাও যেন কল্পনাই করতে পারেন না তিনি।
এক্সে রাসেলের ভিডিওবার্তা শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘অসাধারণ সব স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের ঝকঝকে বর্ম পরা নাইট! কলকাতা নাইট রাইডার্সে তোমার অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে… এবং একজন ক্রীড়াবিদ হিসেবে তোমার দুর্দান্ত যাত্রার আরেকটি অধ্যায়ের জন্য শুভেচ্ছা… পাওয়ার কোচ—যে আমাদের ক্রিকেটারদের মাঝে বিলিয়ে দিচ্ছে তার জ্ঞান, শক্তি এবং অবশ্যই সেই ‘পাওয়ার’…। আর হ্যাঁ, তোমার গায়ে অন্য কোনো জার্সি অদ্ভূত লাগত, আমার বন্ধু… ‘‘মাসল রাসেল’’ চিরজীবী হোক! ভালোবাসা রইল… দলের পক্ষ থেকে এবং খেলাকে ভালোবাসে এমন সবার পক্ষ থেকে!’
২০১২ মৌসুম থেকে আইপিএলের একটি মৌসুমও বাদ যায়নি রাসেলের। প্রথম দুই সংস্করণে অবশ্য খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসে। ব্যাট হাতে ঝড় তোলা ও দলের প্রয়োজনের সময় উইকেট নিতে ছিলেন সিদ্ধহস্ত। ১৩ মৌসুমে ১৪০ ম্যাচ খেলে ১৭৪.১৮ স্ট্রাইকরেটে ২ হাজার ৬৫১ রান করেছেন রাসেল। ১২টি ফিফটি আছে তার। বল হাতে ৯.৫১ ইকোনমিতে ১২৩ উইকেট শিকার করেছেন এই ক্যারিবিয়ান তারকা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: