পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম শেষ হওয়ার পরেও সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরও বাড়াল ঢাকা ক্যাপিটালস।
ইমাদ ওয়াসিমকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ঢাকা ক্যাপিটালস নিজেদের বিদেশি তারকাদের তালিকা আরও সমৃদ্ধ করল। ইমাদের আগে তারা ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি তারকা উসমান খান-কে সরাসরি চুক্তিতে নিশ্চিত করেছিল। দেশি তারকাদের মধ্যে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসান-কে।
নিলামে দেশি খেলোয়াড়দের জন্য ৩ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে তারা অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের দলে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও হার্ডহিটার শামীম হোসেন পাটোয়ারি। এছাড়া দলে আছেন নাসির হোসেন, মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমানের মতো তারকারা।
বোলিং বিভাগে লাল বলের অভিজ্ঞ তাইজুল ইসলাম-এর পাশাপাশি তরুণ পেসার মারুফ মৃধা ও উঠতি তারকা তোফায়েল আহমেদকেও দলে নিয়েছে তারা। বিদেশি কোটায় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে আছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা, যিনি এবারের বিপিএলে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারও বটে। এছাড়া আফগান ব্যাটার জুবাইদ আকবরি-কেও দলে ভিড়িয়েছে ঢাকা।
সবমিলিয়ে বোলিংয়ে তরুণদের প্রাধান্য দিলেও দেশি-বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে এবারের বিপিএলে ভালো করার আশা করতেই পারে ঢাকা ক্যাপিটালস। নিলামে দলটি মোট ৪ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা খরচ করেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: