[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে রোমাঞ্চকর ড্র ওয়েস্ট ইন্ডিজের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য এক ড্র আদায় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার মূল নায়ক ছিলেন জাস্টিন গ্রিভস।

মহাকাব্যিক লড়াইয়ে গ্রিভস গড়েছেন দৃঢ় প্রাচীর! তার অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ভর করেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সমান ড্রয়ের দেখা পেয়েছে সফরকারীরা। গ্রিভস খেলেছেন ২০২* রানের অপরাজিত ইনিংস। যা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

অথচ প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অবিশ্বাস্য লড়াইয়ের ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৫৭ রানে পৌঁছার পর দুই দল হাত মিলিয়ে টেস্টের ইতি টানে। ওয়েস্ট ইন্ডিজের এই রান টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ!

ম্যাচসেরা গ্রিভস প্রথমে শাই হোপের (১৪০) সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। এরপর কেমার রোচের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি। রোচ খেলেন ৫৮* রানের মূল্যবান একটি ইনিংস।

বিশাল লক্ষ্য দেওয়ার পর নিউজিল্যান্ড ধরেই নিয়েছিল জয়টা সময়ের ব্যাপার। কিন্তু দুই বোলার চোটে আক্রান্ত হওয়ায় সেই কাজ আর শেষ করতে পারেনি। নাথান স্মিথ সাইড স্ট্রেইনে ও ম্যাট হেনরি কাফ ইনজুরিতে ম্যাচের মধ্যেই ছিটকে যান। যার ফলে মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রর খণ্ডকালীন স্পিনেই ভরসা করতে হয় স্বাগতিকদের। কিন্তু দুই ফ্রন্টলাইন বোলারের অনুপস্থিতি সামাল দেওয়া যায়নি। তার ওপর শেষ দিনে রিভিউও শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। তাতে কিছু সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগও ছিল না তাদের।

ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২১২ রানে দিন শুরু করে। পুরো ম্যাচে ৬০ ওভার বল করা জ্যাকব ডাফি সকালে হোপকে বাউন্সারে ফেরান। টেভিন ইমলাচকে চার রানে ফিরিয়ে দেন জ্যাক ফোকস। কিন্তু গ্রিভস ও রোচ দ্বিতীয় সেশনটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেন। তাদের দৃঢ়চেতা ব্যাটিংয়ে উইকেটশূন্য সেশনের হতাশা বাড়ে কিউইদের। চা বিরতির পরও সেই প্রতিরোধ অব্যাহত রাখেন তারা। শেষ পর্যন্ত নিশ্চিত করেন টেস্টের রোমাঞ্চকর এক ড্র।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর