[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারণে তামিমকে ‘স্যালুট’ দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

বিসিবি নির্বাচনের সময়কার ঘটনা। ক্লাবগুলোর একটি অংশের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব শুরু হয় তখন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ছিলেন ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর নেতৃত্বে।

 

বিসিবি নির্বাচনের সময়কার ঘটনা। ক্লাবগুলোর একটি অংশের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব শুরু হয় তখন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ছিলেন ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর নেতৃত্বে। শুরুতে ক্লাবগুলো না খেলার ঘোষণা দিয়েছিল। তামিম সেই পক্ষেই ছিলেন। তবে পরে অবস্থান থেকে সরে আসে তামিমেরই ক্লাব ওল্ড ডিওএইচএস। প্রথম বিভাগের জন্য তারা দলবদলও সেরে ফেলেছে। তামিমের এমন সিদ্ধান্তে খুশি বিসিবি। রীতিমতো ‘স্যালুট’ জানানো হয়েছে তাকে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিমের প্রতি এমন ইতিবাচক বার্তা দেন বিসিবির সহ-সভাপতি এবং বোর্ড পরিচালক ফারুক আহমেদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিসিডিএম প্রধান আদনান রহমান দীপন।

ফারুক আহমেদ বলেন, ‘এখানে লেখাতে পরিষ্কার লেখা আছে (কাগজ দেখিয়ে) আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। স্বাগত জানিয়েছি আমরা সবাই। আবারও স্বাগত জানাচ্ছি। (শুরুতে বিদ্রোহীদের সাথে) তামিমও ছিল। তামিম তো বুঝতে পেরেছে, খেলা না হওয়াটা, বাংলাদেশের ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না।’

ফারুক আরও বলেন, ‘আশা করি এই প্রেস কনফারেন্সের পর তাদের (ক্লাবদের) বোধোদয় হবে। আমি তাদেরকে কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। একদিন নয়, অনেক দিন ধরে। গত ৫০+ বছর ধরে তারা আছেন। তাদের অবদান আমরা স্মরণ করছি বারবার। তারা আশা করি এই প্রেস কনফারেন্সের পরে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। প্রতিবাদ করার আছে করেন, তবে খেলাটাকে চালিয়ে নিয়ে যান।’

ক্লাবগুলো খেলতে না এলে বাইলজ ও প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। যদিও এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে না খেলার কথা কোনো ক্লাব জানায়নি বলে দাবি সিসিডিএম প্রধান আদনান রহমান দীপনের। শেষ পর্যন্ত ক্লাবগুলো না খেললে ক্ষতি ক্রিকেটারদেরই হবে। সেক্ষেত্রে আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছে বিসিবি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর