মাত্র ১৩৫ টাকায় মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
মাত্র ১০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা) খরচ করেই মাঠে বসে দেখা যাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি।
ভারতের কিছু ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ রুপি। অন্যদিকে, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সব ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য হলো ১০০০ শ্রীলঙ্কান রুপি।
আইসিসি সব ধরনের চাহিদা ও সব শ্রেণির দর্শকদের বিশ্বকাপের স্বাদ দিতেই বিভিন্ন দামের টিকিট রেখেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এই উদ্যোগকে বিশ্বব্যাপী আইসিসি ইভেন্ট ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন,‘আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ভৌগলিক অবস্থা বা আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রত্যেক ভক্তের বিশ্বকাপের ক্রিকেটের অভিজ্ঞতা লাভের সুযোগ থাকা উচিত।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানান, টিকিট মূল্য ১০০ রুপি থেকে শুরু হওয়ায় বিশ্বকাপ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপকে দর্শক-ভক্তদের কাছে উপভোগ্য ও আরামদায়ক করে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২০ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে পাকিস্তান ও নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
আজ (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটা (৭:১৫ মিনিট) থেকে দর্শকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। টিকিটের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো: tickets.cricketworldcup.com।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: