টি-টোয়েন্টিতে বিষ্ফোরক ইনিংসে ২৩ ছক্কায় অপরাজিত ২২৯
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার গ্রেড ক্রিকেটে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস যেন এক ধ্বংসাত্মক রূপে আবির্ভূত হয়েছেন। আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ক্লেনজো গ্রুপ শিল্ডের ডিভিশন ওয়ানের চতুর্থ রাউন্ডে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে খেলতে নেমে মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন এই ডাচ উইকেটকিপার-ব্যাটসম্যান।
ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখান এডওয়ার্ডস। তবে চতুর্থ ওভারে ফাস্ট-বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানকে লক্ষ্য করে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি যেন বিধ্বংসী মেজাজে চলে আসেন। মাত্র ২৩ বলেই তিনি অর্ধশতক পূর্ণ করেন।
১১তম ওভারে দলের সংগ্রহ ১৫০-তে পৌঁছানোর সময় এডওয়ার্ডস শতকের কাছাকাছি চলে আসেন। ঠিক এই মুহূর্তে তার ওপেনিং সঙ্গী ও মেলবোর্ন স্টার্সের সাবেক ক্রিকেটার ল্যাকলান ব্যাঙ্গস আউট হন। এরপর তিন বল পরই এক রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এডওয়ার্ডস। যদিও গ্রেড ক্রিকেটের এই প্রথম গ্রেড ম্যাচগুলো অফিসিয়াল টি-টোয়েন্টি মর্যাদা না পাওয়ায় এটি তার প্রথম স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরি হিসেবে গণ্য হবে না।
সেঞ্চুরির পর আর এডওয়ার্ডসকে থামানো যায়নি। ইনিংসের ১৭তম ওভারে তিনি ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। ইনিংসের শেষ চার ওভারে তার ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি, যার মধ্যে ১২টিই ছিল বিশাল ছক্কা! ১৬ ওভার শেষে আলটোনার রান ছিল ২১২/২। ইনিংস শেষে আলটোনা থামে ৩০৪/২ রানে, যার ২২৯ রানই এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। তার এই মহাকাব্যিক ইনিংসে ছিল ১৪টি চার ও অবিশ্বাস্য ২৩টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল ২৮২.৭১।
যদি এই ম্যাচটি অফিশিয়াল টি-টোয়েন্টি হিসেবে গণ্য হতো, তবে ২০১৩ সালে ক্রিস গেইলের করা অপরাজিত ১৭৫ রানের রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিতেন এডওয়ার্ডস। পেশাদার ক্রিকেটে এখনো তিনি শতকের দেখা পাননি, তার সর্বোচ্চ স্কোর ৯৯।
এডওয়ার্ডসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাব ১৮৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। উইলিয়ামস ল্যান্ডিং মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: