আইএল টি-টোয়েন্টিতে উইকেট শিকারের তালিকায় ‘সেরা তিনে’ মুস্তাফিজ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি২০) বল হাতে ধারাবাহিকভাবে উজ্জ্বল পারফরম্যান্স করে চলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন তিনি।
দুবাই ক্যাপিটালসের হয়ে এদিন মুস্তাফিজ মাত্র দুই ওভার বল করার সুযোগ পান। পাওয়ার প্লেতে নতুন বল হাতে ইনিংসের শুরুতেই ব্রেক-থ্রু এনে দেয়ার পর ১৬তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। তার কোটা পূর্ণ হওয়ার আগেই প্রতিপক্ষ শারজাহ অলআউট হয়ে যাওয়ায় আর বল করার প্রয়োজন পড়েনি মুস্তাফিজের।
টুর্নামেন্টের চলতি আসরে ৬ ম্যাচে মুস্তাফিজের মোট উইকেট সংখ্যা এখন ১১। তার সমান ১১টি উইকেট নিয়েছেন খুজাইমা তানভিরও, তবে তালিকায় ১৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন দুবাই ক্যাপিটালসেরই আফগান স্পিনার ওয়াকার সালমানখিল।
উল্লেখ্য, শীর্ষ দুই বোলারই মুস্তাফিজের চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছেন। গত ৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে অভিষেক হওয়া মুস্তাফিজ এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেয়ার পর এমআই এমিরেটসের বিপক্ষে ৩ উইকেট শিকার ছিল তার আসরের সেরা পারফরম্যান্স। শারজাহর বিপক্ষে এই জয়ে মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: