[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ১৫ জানুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের এবারের আসরের। আর ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।

শনিবার (২৭ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী।

মূলত, চোটের কারণে নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা দলে না থাকায় দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। তবে আয়ুশ মাহাত্রেকে অধিনায়ক করেই ১৫ সদস্যের যুব বিশ্বকাপের দল দিয়েছে ভারত।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৭১ রান করেন বৈভব। তারপর থেকে অবশ্য একটি ফিফটি ছাড়া কোনও ম্যাচেই রান পায়নি। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে ভারতকে।

এরপর বড় ম্যাচের চাপ নেয়ার ক্ষমতা আদৌ বৈভবের রয়েছে কি না, সে নিয়েও উঠছে প্রশ্ন। তবে নির্বাচকেরা বোঝালেন, বৈভবের উপর এখনই আস্থা হারাচ্ছেন না তারা। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও নিজের লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল: আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর