[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

গেইলকে পেছনে ফেলে এখন ‘ছক্কার রাজা’ তামিম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:১২ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার রাজা হিসেবে পরিচিত ক্রিস গেইলকে ছাড়িয়ে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। বাংলাদেশের মাটিতে এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি এখন এই বাঁহাতি ব্যাটারের দখলে। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০১৭ সালে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। দীর্ঘ ৮ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন তামিম। বছরের শেষ ম্যাচে নোয়াখালীর পেসার রেজাউর রহমান রাজাকে হুক শটে ছক্কা মেরে গেইলকে অতিক্রম করেন তিনি। বর্তমানে ২০২৫ সালে বাংলাদেশের মাঠে তামিমের মোট ছক্কা সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে।

গেইলের রেকর্ড ভাঙতে তামিমকে অবশ্য গেইলের চেয়ে দ্বিগুণ ম্যাচ খেলতে হয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত ২৪ ইনিংসে ৪৮টি ছক্কা মেরেছেন তিনি। এর মধ্যে বছরের শুরুতে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে ১১ ইনিংসে মেরেছিলেন ৩৪টি ছক্কা।

এছাড়া জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৩টি ছক্কা। চলতি বিপিএলের প্রথম দুই ম্যাচে ছক্কা না পেলেও তৃতীয় ম্যাচে এসে রেকর্ডটি দখলে নিলেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

তানজিদ তামিম শীর্ষে উঠলেও তার এই রেকর্ড খুব দ্রুতই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তালিকার তিনে থাকা পারভেজ হোসেন ইমন চলতি বছরেই ২২ ইনিংসে ৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। এ বছর ইমনের হাতে আরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে ৫টি ছক্কা হাঁকাতে পারলেই তামিমকে টপকে বছরের সর্বোচ্চ ছক্কা সংগ্রাহক হয়ে যাবেন ইমন।

এক নজরে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কা (স্বীকৃত টি-টোয়েন্টি):
তানজিদ হাসান তামিম (২০২৫): ৪৮টি ছক্কা (২৪ ইনিংস)
ক্রিস গেইল (২০১৭): ৪৭টি ছক্কা (১১ ইনিংস)
পারভেজ হোসেন ইমন (২০২৫): ৪৪টি ছক্কা (২২ ইনিংস)

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর