[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেয়েদের আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার ২ তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

আসন্ন ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) চতুর্থ আসর শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই অস্ট্রেলিয়ান মহাতারকা এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড। এছাড়া ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য যুক্তরাষ্ট্র দলে ডাক পাওয়ায় এবারের আসরে অংশ নিচ্ছেন না তারা নরিস।

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে এই তিন ক্রিকেটারের বদলি ঘোষণা করেছে সংশ্লিষ্ট দলগুলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অন্যতম কারিগর এলিসে পেরির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারে।

পেরি ডব্লিউপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তাকে ২ কোটি রুপিতে ধরে রেখেছিল বেঙ্গালুরু। তার স্থলাভিষিক্ত হওয়া সাটগারে ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন এবং এর আগে গুজরাট জায়ান্টসের প্রতিনিধিত্ব করেছেন। এবারের নিলামে দল না পেলেও পেরির অনুপস্থিতিতে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা তারকা অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত লেগস্পিনার অ্যালানা কিং। ২.২ কোটি রুপির সাদারল্যান্ডের জায়গায় আসা অ্যালানা গত আসরে উত্তরপ্রদেশের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে সর্বশেষ নারী বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই অজি বোলার।

এছাড়া যুক্তরাষ্ট্রের তারা নরিসের পরিবর্তে অস্ট্রেলীয় ব্যাটিং অলরাউন্ডার চারলি নটকে দলে নিয়েছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। ১০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে আসা চারলি নটের এখনও আন্তর্জাতিক অভিষেক না হলেও বিগ ব্যাশ এবং দ্য হান্ড্রেডের মতো বড় আসরগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর