ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে রোহিত-কোহলি ছাড়া আরও আছেন যারা
২০২৫ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে এই একাদশের নেত্বত্বে রাখা হয়েছে। বর্ষসেরা এই দলে ভারত ছাড়াও ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বর্ষসেরা একাদশের ব্যাটিং লাইনআপে রোহিত শর্মার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন সেনসেশন ম্যাথিউ ব্রিটজকেকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অভিষিক্ত ব্রিটজকে ১২ ম্যাচে ৬৪ গড়ে ৭০৬ রান করে বছরটি রাঙিয়েছেন। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি পুরো বছরে ১৪ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেছেন। তিন নম্বরে রয়েছেন ভারতের আরেক অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি, যিনি ১৩ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৬৫১ রান করেছেন।
চার নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডের জো রুটকে, যার ব্যাটে এই বছর সর্বোচ্চ ৮০৮ রান এসেছে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পাঁচ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (৬৭০ রান)। ষষ্ঠ ও সপ্তম স্থানে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। স্যান্টনার বল হাতে ২৫টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী অবদান রেখেছেন।
বোলিং ইউনিটে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ, যিনি ১৫ ইনিংসে সর্বোচ্চ ৩০টি উইকেট নিয়েছেন। পেস আক্রমণে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৩১ উইকেট) এবং ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস (২৭ উইকেট)। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি ও বছরজুড়ে ওয়ানডে ফরম্যাটে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করেই এই একাদশ সাজিয়েছে ক্রিকইনফো।
একনজরে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ম্যাথিউ ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), জোফরা আর্চার (ইংল্যান্ড), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: