অ্যাশেজ
সিডনি টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
অ্যাশেজে সিরিজে চতুর্থ টেস্ট বাদে প্রথম তিনটিতেই হতাশ করেছে ইংল্যান্ড। মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছরের আক্ষেপ ঘোচানোর পর আগামী রোববার শেষ ম্যাচে নামবে এবারের সফরকারীরা। ম্যাচের দু’দিন আগে আজ সিডনি টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। স্কোয়াডে থাকা শোয়েব বশিরকে ফের মাঠের বাইরে দেখার সম্ভাবনাই বেশি।
সিরিজের প্রথম চার টেস্টের কোনোটিতেই মাঠে নামার সুযোগ পাননি ২২ বছর বয়সী বশির। পার্থে প্রথম টেস্টের ১২ সদস্যের দলে জায়গা করলেও, একাদশে ঢোকা হয়নি তার। পরের ম্যাচগুলোতেও থাকতে হয় মাঠের বাইরেই। তার জায়গায় সুযোগ পান স্পিনিং অলরাউন্ডার উইক জ্যাকস। আজকের ঘোষিত দলে আছেন ম্যাথু পটসও। চতুর্থ ম্যাচে হ্যামস্ট্রিং চোটে ছিটকে যান গাস অ্যাটকিনসন। তার জায়গায় দলে ঢুকেছেন ২৭ বছর বয়সী পটস। তাই শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিশ্চিতভাবেই করবে ইংল্যান্ড। ডানহাতি পেসার পটস গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ১০ টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন। এবার একাদশে জায়গা করতে পারলে প্রথমবার অ্যাশেজে খেলার হাতছানি তার সামনে।
এর আগে পার্থ টেস্টের জন্য ১২ জনের দল দেয় ইংল্যান্ড। পরের তিন ম্যাচে শুরুর ৪৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে তারা। তবে এবার কোনো ঝুঁকি নেবে না বেন স্টোকসের দল। সিডনির পিচ দেখেই তবে আগামীকাল ঘোষণা করবে একাদশ। মার্ক উড ও জোফরা আর্চার আগেই ছিটকে যাওয়ায় সিডনিতে ইংলিশদের বোলিং আক্রমণে আরেক ফাস্ট বোলার ম্যাথু ফিশার।
ইংল্যান্ডের সিডনি টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টং।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: