[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ‘শত কোটি হিন্দুর জয়’: বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:০১ এএম

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জয় হয়েছে বলে মনে করেন ভারতের ক্ষমতাশীন দলটির নেতা সঙ্গীত সোম।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে—আইপিএল থেকে মুস্তাফিজসহ বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন সঙ্গীত সোম। বাংলাদেশের পেসারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার বলিউড তারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে তারা। এরপর কলকাতা নাইট রাইডার্স এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনায় তারা মোস্তাফিজকে ২০২৬ আসরের দল থেকে ছেড়ে দিয়েছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি উত্তর প্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে ২০১২ ও ২০১৭ সালের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় জড়িত থাকার গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘১০০ কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ রেখে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ ১০০ কোটি মানুষের আবেগ-অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়।’

মুস্তাফিজকে নিলাম থেকে কেনায় কলকাতার মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া এই বিজেপি নেতা বলেন, ‘শাহরুখ খান বুঝেছেন যে ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তিনি এ–ও বুঝেছেন যে হাজারো সনাতনীর কারণেই তিনি শাহরুখ খান হয়েছেন।’

উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমরা বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তাঁরা দেশের আবেগ-অনুভূতি বুঝেছেন এবং বাংলাদেশি খেলোয়াড়টিকে সরিয়ে দিয়েছেন, যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে—এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং সরকার প্রতিবাদ জানাচ্ছেন।’

মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে সরব ছিলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলিউড তারকা শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএনআই দেবকীনন্দনের বক্তব্য উদ্ধৃত করেছে এভাবে, ‘এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং সেই দেশের একজন খেলোয়াড় যদি আইপিএলে খেলেন, তা গ্রহণযোগ্য নয়। মিস্টার কেকেআর (শাহরুখ খান) এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এটি বেদনাদায়ক যে মিস্টার কেকেআর হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না।’

উল্লেখ্য, আইপিএলের ৮টি আসরে ৫টি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। ২০২৬ আসরের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে। যার জেরেই মূলত ফিজের আইপিএল খেলা হচ্ছে না।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর