[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মুস্তাফিজের ঘটনায় হতাশ বাফুফে সভাপতি ভারতকে যে আহ্বান জানালেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।

মুস্তাফিজকে নিয়ে ভারতের উগ্রপন্থীদের ও বিজেপি নেতাদের চাপের পরই বিসিসিআইয়ের পরামর্শে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বিষয়টি মোটেও কাম্য নয় উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’

ভারতের প্রতি বাফুফে সভাপতির আহ্বান, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’

মুস্তাফিজের পাশে আছেন ঘোষণা দিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর