[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসির কাছ থেকে দ্রুত সিদ্ধান্তের আশায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যায় সাম্প্রতিক পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আইসিসিকে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। এখন আইসিসির কাছ থেকে দ্রুত উত্তর পাওয়ার আশায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যায় সাম্প্রতিক পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

বিসিবির পূর্ণাঙ্গ সংবাদ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে কেন্দ্র করে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বোর্ড বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে নির্ধারিত ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে।

বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর বাংলাদেশ দলের ভারতে অবস্থানকালে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভারতে সফর করবে না।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, যাতে বাংলাদেশের সবগুলো ম্যাচ ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বোর্ডের বিশ্বাস, এই পদক্ষেপটি গ্রহণ করা জরুরি- যাতে বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তাবৃন্দ, বোর্ড সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা যায় এবং দলটি একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর