[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসি’র সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে রোববার ছুটির দিন হওয়ায় গতকাল পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক উত্তর পায়নি বিসিবি। ?ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এখনো আইসিসি’র কাছ থেকে কোনো জবাব পাইনি। জবাব পাওয়ার পরই তা গণমাধ্যমকে জানাতে পারবো। আইসিসি থেকে কোনো বার্তা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি, আজ বা কালের মধ্যে বিষয়টি জানতে পারবো।’

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিসিবি ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসিকে চিঠি দিয়েছে। অভিযোগ রয়েছে, মোস্তাফিজকে আইপিএলে দলে নেয়ায় ভারতের উগ্র হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো একের পর এক হুমকি দিয়ে আসছিল। তাদের চাপের মুখেই বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্ত কেকেআরের ওপর চাপিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।?অন্যদিকে, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, তারা আইসিসি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি। এ কারণে তিনি এখনই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে পারে না। তবে বিসিবি’র শীর্ষ কর্মকর্তারা আইসিসি’র উত্তরের অপেক্ষায় থাকলেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। বিসিবি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই দেশের ক্রিকেট প্রশাসন এখন আইসিসি’র টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, আইসিসি বাংলাদেশের বিষয়টি গুরুত্বসহকারে ভাবছে। তবে আসন্ন টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে এই বিষয়ে বড় ভূমিকা থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইয়ের। বিশ্বকাপ শুরু হতে এখন আর মাত্র ৩০ দিনের একটু বেশি সময় বাকি। এমন অবস্থায় শুধু বাংলাদেশের ম্যাচ নয়, একাধিক দলের সূচি বদলাতে হতে পারে; যা বাস্তবায়ন কিছুটা কঠিন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর