খাজার বিদায়ী টেস্ট জিতে অ্যাশেজ শেষ করল অস্ট্রেলিয়া
২০১১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উসমান খাজার। ১৫ বছর পর সেখানেই জাতীয় দলের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। যদিও ব্যাট হাতে ম্যাচটি রাঙাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। তবে খাজার বিদায়ী ম্যাচে শেষ হাসি হাসলো স্বাগতিকরাই।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জিতে নিয়েছে স্টিভেন স্মিথের দল। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডের হাতে। আর সিরিজসেরা হয়েছেন মিচেল স্টার্ক।
অ্যাশেজের শেষ ম্যাচটি বিশেষ হয়ে ওঠে খাজার সুবাদে। একইসঙ্গে আগ্রহ ছিল ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়ায় কি না। কারণ আগের ৪ টেস্ট ১৩ দিনে শেষ হওয়ায় আর্থিক ও উইকেটজনিত ইমেজ সংকটে ভুগছিল অস্ট্রেলিয়া। সিরিজ শেষে সেই আক্ষেপ তাদের কিছুটা হলেও ঘুচল।
প্রথম ইনিংসে ৩৮৪ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ততদূরও যেতে পারেনি। জ্যাকব বেথেলের ১৫৪ রানে ভর করে ৩৪২ রানে অলআউট হয়ে যায়। এতে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৫৬৭ রান তোলা অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান।
ম্যাচের পঞ্চম দিনের কঠিন উইকেটে এই রান তাড়া করে জয়ের কাজটা সহজ ছিল না। ৬২ রানের ওপেনিং জুটিতে ট্রাভিস হেড (২৯) ও জ্যাক ওয়েদারল্ড (৩৪) মিলে পথটা সহজ করে তোলেন। তবে পরবর্তী ৫৯ রানের ব্যবধানে অজিরা ৫ উইকেট হারানোয় খেলায় রোমাঞ্চ ফেরে।
তবে অ্যালেক্স ক্যারি (১৬*) এবং ক্যামেরন গ্রিন (২২*) মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সর্বোচ্চ ৩৭ রান আসে মানার্স লাবুশেনের ব্যাট থেকে। শেষ টেস্টে আক্ষেপ নিয়েই ফিরলেন খাজা, দুই ইনিংসে ১৪ ও ৬ রান করেছেন তিনি। ইংল্যান্ডের জশ টাং ৩ ও উইল জ্যাকস ১ উইকেট নিয়েছেন।
এর আগে, দিনের শুরুতে ১৪২ রানে অপরাজিত থাকা জ্যাকব বেথেল ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। মিচেল স্টার্কের করা দিনের ১০ম ওভারের দ্বিতীয় বলে উইকেটকিপার ক্যারিকে ক্যাচ দেন ২৬৫ বলে ১৫৪ রানের দারুণ ইনিংস খেলা বেথেল। এটাই ছিল তার ছোট্ট টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এদিকে ৩৯ বছর বয়সী খাজা শেষবার ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ ইংলিশ ক্রিকেটারদের কাছে গার্ড অব অনার পেয়েছেন। আর আউট হয়ে ফেরার সময় এই বাঁহাতি ব্যাটার সিজদা দেন সিডনির সবুজ গালিচায়। এ সময় করতালিতে তাকে বিদায়ী অভ্যর্থনা দিয়েছে পুরো গ্যালারি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: