বিপিএল থেকে ছিটকে গেলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক
বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রীতিমতো উড়ছিলেন অ্যাডাম রসিংটন। তবে চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই বিদায় নিতে হলো চট্টগ্রাম রয়্যালসের এই ইংলিশ ওপেনারকে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে হারিয়ে বড় ধাক্কা খেল টেবিলের শীর্ষে থাকা বন্দরনগরীর দলটি।
গত ৯ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিনুরা ফার্নান্দোর একটি বল রসিংটনের হাতের আঙুলে আঘাত করে। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার পর স্ক্যান করানো হলে আঙুলে চিড় ধরা পড়ে। চিকিৎসকরা তাকে অন্তত দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আসরের বাকি সময়ের মধ্যে সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা না থাকায় নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এই হার্ডহিটার ব্যাটার।
চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান এক ভিডিও বার্তায় রসিংটনের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,‘রসিংটনের যে আঙুলে চোট লেগেছে, সেখানে আগে থেকেই পুরোনো একটি সমস্যা ছিল। নতুন করে চোট পাওয়ায় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এটি আমাদের জন্য বড় ক্ষতি। আমরা ইতোমধ্যে তার বিকল্প বিদেশি ব্যাটার খুঁজতে শুরু করেছি।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন রসিংটন। ৬ ম্যাচে ৬৪.৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন ২৫৮ রান, যার মধ্যে ছিল তিনটি দর্শনীয় হাফ-সেঞ্চুরি। এক ম্যাচ কম খেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি সবার উপরে ছিলেন।
মালিকানা জটিলতা কাটিয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম রয়্যালস এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দলের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রসিংটনের শুরুটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির অধীনে পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজিটি এখন তার শূন্যস্থান পূরণ করতে কাকে দলে ভেড়ায়, সেটিই দেখার বিষয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: