[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে গিয়ে খেলা অসম্ভব: উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

বাফুফের ছোট্ট মাঠে বসে যেন আরও গরম খবর দিয়ে উষ্ণতা ছড়ালেন এই উপদেষ্টা। তার কথা, ‘ভারতে খেলতে হলে পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে যেতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা কমিটি।’

ক্রীড়া প্রতিবেদক
পৌষের পড়ন্ত বিকাল। হঠাৎ করেই মিডিয়া কর্মী ও সমর্থকদের শোরগোলে গরম হয়ে উঠল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারন দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থায় এসে হাজির নতুন যুব ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাফুফের ছোট্ট মাঠে বসে যেন আরও গরম খবর দিয়ে উষ্ণতা ছড়ালেন এই উপদেষ্টা। তার কথা, ‘ভারতে খেলতে হলে পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে যেতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা কমিটি।’


নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব শ্রীলঙ্কায় খেলা আয়োজন করার। কিন্তু আইসিসি এখনও তাতে সাড়া দেয়নি। তবে, ভারতের মাটিতে গিয়ে নিরাপদে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনটি সুপারিশ করেছে আইসিসির নিরাপত্তা দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আইসিসির নিরাপত্তা দলের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করেছে। এই তিনটি বিষয়কে এড়িয়ে খেলতে যাওয়ার সুপারিশ করা হয়েছে ওই চিঠিতে। তবে, ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, এসব মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। তিনটি সুপারিশের মধ্যে একটি, বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে। অর্থাৎ মোস্তাফিজকে বাদ দিতে হবে অনেকটা এমন শর্ত জুড়ে দিয়েছে আইসিসি। দ্বিতীয়ত, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জার্সি পড়ে যেখানে সেখানে ঘুরতে পারবেন না ক্রিকেটার ও সমর্থকরা। তৃতীয় সুপারিশ ছিল, বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।’


ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি নিরাপত্তা দলের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’
বাংলাদেশকে ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাত- যেখানেই হোক, খেলার সুযোগ তেরি করে দিতে আইসিসির প্রতি আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘গত ১৬ মাস ধরে ভারতে যে বাংলাদেশ-বিদ্বেষী এবং উগ্র সাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে খেলা অসম্ভব। আমাদের স্পষ্ট কথা-ক্রিকেটে কারও মনোপলি থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয়, তবে আমাদের খেলার সুযোগ শ্রীলঙ্কা, পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে দেওয়া উচিত।’

বাংলাদেশের জন্য আইসিসির ভেন্যু পরিবর্তনের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘ভারত যদি ভেন্যু পরিবর্তন করে কেরালা বা অন্য কোথাও নেয়, তাতেও আমাদের আপত্তি আছে; কারণ ভারত মানে তো ভারতই। যেখানে আমাদের প্লেয়ারদের খেলার মতো নিরাপদ পরিবেশ নেই, সেখানে আমরা নতি স্বীকার করব না। আইসিসি নিরাপত্তা দলের চিঠিই বড় প্রমাণ যে, ভারতের কোনো জায়গাতেই খেলার উপযুক্ত পরিবেশ নেই।’ এদিকে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সম্ভবত সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপ আমরাই আয়োজন করবো। যদিও এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আমরা চাইব তিনটা ভেন্যুতে সাফের খেলা গড়াতে। যার মধ্যে একটি ঢাকা জাতীয় স্টেডিয়াম। তিন ভেন্যুতে হলে আমি মনে করি যে সাফ আসলে জাঁকজমক হবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর