[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল, অনড় অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান টানাপোড়েন নিরসনে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধি দল। তবে আলোচনায় বসতে রাজি হলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরবে না বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়টি অবহিত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আইসিসির একটি টিম বোধহয় বাংলাদেশে কথা বলার জন্য আসছে। তবে আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই।

তিনি জানান, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও ভারতের মাটিতে খেলবে না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। আমাদের বিশ্বাস, এটা আয়োজন করা অসম্ভব কিছু নয়।

এর আগে বিসিবি ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়টি আইসিসিকে একাধিক ইমেইল ও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে জানিয়েছে। তবে এতদিনেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে, বিশ্বকাপ ইস্যুর পাশাপাশি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি মন্তব্যটিকে ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীন’ বলে উল্লেখ করেন।

আসিফ নজরুল বলেন, যেখানে মুস্তাফিজকে অপমানের বিরুদ্ধে পুরো দেশ রুখে দাঁড়িয়েছে, সেখানে বিসিবির ভেতর থেকেই পুরো ক্রিকেট ব্যবস্থাকে ছোট করা অত্যন্ত দুঃখজনক। এটি সমগ্র ক্রিকেটারদের অপমানের শামিল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর