[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসিকে ‘চাঞ্চল্যকর’ অনুরোধ বিসিবির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে অনড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলংকায় খেলতে চায় তারা। ক্রিকবাজের খবর, বাংলাদেশ বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় যাতে হয় সেজন্য আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানায় বিসিবি।

ক্রিকবাজের সূত্র অনুযায়ী, বিসিবি চায় আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ সি–তে অন্তর্ভুক্ত হতে। যাতে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা যায়। বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ সি–তে থাকা আয়ারল্যান্ড কলম্বোতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে খেলবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে।

অন্যদিকে বাংলাদেশ বর্তমানে রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে বাংলাদেশকে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে, এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ দল, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যান্যদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরেছে।’

এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর