[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতের বিপক্ষে পথ হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নেমে এসেছিল ৪৯ ওভারে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারতের যুবারা। সেই লক্ষ্যে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়েই তুলে ফেলে ৯০ রান।

জিম্বাবুয়ের বুলাওয়েতে এরপরই হানা দেয় বেরসিক বৃষ্টি। অনেকক্ষণ খেলা বন্ধ হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য আরও ছোট হয়ে আসে। তাতে পথ হারায় বাংলাদেশও।

বৃষ্টির পর টাইগার যুবাদের নতুন লক্ষ্য দাঁড়িয়েছিল ২৯ ওভারে ১৬৫ রানে। আগেই ১৭ ওভার ২ বল খেলা হওয়ায় বাংলাদেশের প্রয়োজন হয় ৭০ বলে ৭৫ রান। তবে সেটিও করতে পারেনি বাংলাদেশ।

১০৬ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪০ রানের মধ্যে। এই সময়ে টাইগার যুবারা খেলে ৪৩ বল। তাতে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানের হার দেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি আসে তিন নম্বরে ব্যাট করা অধিনায়ক আজিজুল হাকিমের কাছ থেকে। ৭২ বলে ৫১ রান করেন তিনি। ওপেনার রিফাত বেগ ৩৭ বলে ৩৭ রান করে আউট হন। এর বাইরে দুই অঙ্কের রান স্পর্শ করেন কেবল রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। দুজনই ১৫ রান করে সংগ্রহ করেন।

এর আগে, বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ভারতকে ২৩৮ রানে থামায় বাংলাদেশ। আল ফাহাদ পাঁচটি উইকেট শিকার করেন, দুটি করে উইকেট পান ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ভারতের হয়ে বৈভব সূর্যবংশী ৭২ রান করে সাজঘরে ফেরেন। অভিজ্ঞান কুণ্ডু ১১২ বলে ৮০ রান করেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর